নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ উৎসব মূখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে অবস্থিত অত্র সমিতির কার্যালয়ে জেলা শ্রম অধিদপ্তরের গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এ মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহণ করতে সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শ্রম অধিদপ্তরের নিয়ম অনুযায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রের জন্য ১০ হাজার টাকা, অন্যান্য সাংগঠনিক পদের জন্য ৮ হাজার টাকা এবং কার্যকরী সদস্য পদের জন্য ৭ হাজার টাকা জামানত বাবদ গ্রহনের মাধ্যমে সমিতির সদস্যদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।
নির্বাচন কমিশনার সেলিম মাহমুদ জানান, সমিতির নির্বাচন আগামী ৩ আগষ্ট। আজকে আমরা মনোনয়নপত্র বিক্রি করতেছি। গত ১১ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের ভোটার সদস্যদের উদ্দেশ্যে বলছি, আমরা একটা সুন্দর নির্বাচন দিব যা মডেল হিসেবে থাকবে। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে উপযুক্ত মানুষ নির্বাচিত হয়ে যেন সংগঠনের জন্য কাজ করতে পারে। তাদেরকে আপনারা বাছাই করবেন।
আপনারা জানেন আমাদের ট্রান্সপোর্টের গাড়ি ডকাতির শিকার হচ্ছে, পন্য লুট হয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়ে প্রশাসনের সাথে যারা জোড়ালো ভাবে কাজ করতে পারে সেই সব যোগ্য মানুষদের আপনারা নির্বাচিত করবেন। যাতে আমরা উপকৃত হই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার (সচিব) আশীষ সিংহা, সহকারী নির্বাচন কমিশনার মো: শরীফ হোসেন, মো: শাহীন আলী ও হাফিজুর রহমান প্রমূখ।





